রাজধানীর শাহবাগ থানার গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১৬টি চোরাই মোবাইল ফোন, ৯টি ট্যাব এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজসহ সংঘবদ্ধ চক্রের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
গ্রেপ্তাররা হলেন— মো. কাউসার হোসেন (২৭), তানভীর হাসান (২৩), মো. সাগর (৩২), মো. শামীম (২৯), মো. ইয়াসিন আরাফাত (২৫), মো. নূর আল হোসেন (৩২), মো. দুলাল (৪৫), মো. জাহিদ হোসেন (২৯), মো. লিটন (১৮), মো. রাজিন (১৯), ওমর ফারুক (২৯), মো. কাউসার ইসলাম (১৯) এবং এক শিশু।
ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানার গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড়সংলগ্ন বিবিসিএল অফিসের বিপরীত পাশের ফুটপাতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব ও চোরাই যন্ত্রাংশসহ বিপুল এক্সেসরিজ জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে আসছিল। পরবর্তীতে সংগৃহীত এসব চোরাই মোবাইল তারা গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড়সংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে কেনাবেচা করত।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


