মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন যুবক বাচ্চাগুলো উদ্ধার করেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলোর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশে তিনটি মেছো বাঘের বাচ্চাকে খেলতে দেখা যায়। এ সময় কয়েকজন কৃষক বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে কয়েকজন যুবক ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করেন।
তাদের ধারণা, খাবারের সন্ধানে মা মেছো বাঘটি আশপাশের কোনো এলাকায় চলে যাওয়ার পর বাচ্চাগুলো ওই স্থানে খেলছিল। বাচ্চাগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে সেগুলোকে যেখানে পাওয়া গেছে, তার আশপাশের নিরাপদ স্থানে রেখে দেওয়ার কথা জানান স্থানীয়রা।
জেলা অতিরিক্ত বন কর্মকর্তা হামিম হায়দার জানান, মেছো বাঘ বাংলাদেশের বন্যপ্রাণীর একটি গুরুত্বপূর্ণ প্রজাতি। কোনো এলাকায় মেছো বাঘের বাচ্চা পাওয়া গেলে সেগুলোকে ভয় দেখানো বা সেগুলো ধরে অন্য কোথাও নিয়ে যাওয়া উচিত নয়। অনেক সময় মা মেছো বাঘ খাবারের সন্ধানে বাইরে গেলে বাচ্চাগুলো নির্দিষ্ট স্থানেই থাকে। তাই বাচ্চাগুলোকে নিরাপদে রেখে মানুষের চলাচল সীমিত করা প্রয়োজন, যাতে মা মেছো বাঘ ফিরে এসে বাচ্চাগুলো নিয়ে যেতে পারে।
তিনি আরও জানান, বন্যপ্রাণী উদ্ধারের ক্ষেত্রে স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া সবচেয়ে নিরাপদ পদ্ধতি। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলোর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করেছেন। বন্যপ্রাণীর প্রতি সহানুভূতিশীল আচরণ করার পাশাপাশি কৌতূহলবশত সেগুলোকে বাড়িতে নেওয়া বা আটকে না রাখার জন্যও তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।


