ইলিশের প্রজনন মৌসুম, প্রশাসনের অভিযানের প্রস্তুতি

ইলিশের প্রজনন মৌসুম, প্রশাসনের অভিযানের প্রস্তুতি
শিবচর নদীতে বন্ধ রয়েছে মাছ ধরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়েছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ-নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ থাকছে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের নদীগুলোতে কঠোর নজরদারির পরিকল্পনা রয়েছে প্রশাসনের। অসাধু জেলেরা যাতে ইলিশ ধরতে না পারে, সেই লক্ষ্যে ২৪ ঘন্টা পদ্মানদী এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নদীগুলোর বিভিন্ন অংশে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মানদীর চরাঞ্চলের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মৌসুমেও মাছ ধরতে নামে অসাধু জেলেরা। তারা ইলিশ ধরে এনে পদ্মার পাড়েই বিক্রি করে থাকে। নিষিদ্ধ মৌসুমে শিবচরের পদ্মার পাড়ের চার থেকে পাঁচটি পয়েন্টে সকাল-বিকাল ইলিশ বিক্রির হাট বসে! দূর-দূরান্ত থেকে মাছ কিনতে পদ্মার পাড়ে ভিড় জমায় সাধারণ মানুষ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মাছ বিক্রেতারা গিয়ে ইলিশ কিনে এনে নিজ এলাকার বাজারেও বিক্রি করে।

এ বছর ইলিশ শিকার এবং বিক্রি বন্ধে প্রশাসন আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন। উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রাখবেন বলে জানা গেছে।

গত অক্টোবর পদ্মাপাড়ের কাজিরসূরা এলাকায় জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে উপজেলা মৎস্য অফিস। এ সময় বহিরাগত জেলেদের অনুপ্রবেশ ঠেকানো, মৌসুমী জেলেদের নজরদারিতে রাখার পাশাপাশি ইলিশ কেনা-বেচা বন্ধে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে পরামর্শ দিয়েছে প্রশাসন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করার আশ্বাস দেন।

শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ‘২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহনসহ সব বন্ধ থাকবে। আমরা শিবচরের জেলেদের নিয়ে একাধিকবার বৈঠক করেছি। তাদের সচেতন করা হচ্ছে। এ ছাড়া, জেলা-উপজেলা মৎস্য অফিস, প্রশাসন কঠোরভাবে পদ্মায় অভিযান পরিচালনা করবে এবং উপজেলার হাট-বাজার, লোকালয়ে নজরদারি থাকবে।’

ঝালকাঠি জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইলিশ ধরা নিষিদ্ধ কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রলার নিয়ে নদীতে নদীতে অভিযান চলমান থাকবে। নজরদারীতে থাকবে শহর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক জানান, আজ থেকে আগামী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। ইলিশ ধরা বন্ধ থাকায় জেলেদের কোন সমস্যা হবেনা। জেলেদের জন্য সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে। জেলায় চার হাজার ২০০ জন নিবন্ধিত জেলে ভিজিএফ কার্ডের আওতায় ২৫ কেজি করে চাল পাবে।

আরও পড়ুন

এদিকে, ফেনী নদী ও এর মোহনায় আজ থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান।

ফেনী নদীতে মাছ ধরা নিষিদ্ধ। ছবি: টাইমস

ফেনীর মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন ও প্রাচুর্য রক্ষায় প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুমে এ অভিযান পরিচালনা করা হয়। চলতি বছরও ফেনী নদী ও এর মোহনায় মা ইলিশ রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিযানের সময় নদীতে নিয়মিত টহল ও নজরদারি থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় সরকারিভাবে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। এ সময়ে নদীতে সব ধরনের মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র নদী ও মোহনা। এ সময়ে মা ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে আসে। তাই মাছ ধরা বন্ধ রাখলে ইলিশের প্রজনন ও বংশবিস্তার বাড়বে এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদনও বৃদ্ধি পাবে।

অভিযান সফল করতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। নদীতে টহল জোরদারের পাশাপাশি অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে মানবিক সহায়তার উদ্যোগও নেওয়া হয়েছে। জেলার ৪০০ জেলে পরিবারকে সহায়তা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে মৎস্য বিভাগ।

স্থানীয় জেলেরা বলছেন, দীর্ঘ সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকায় তাদের পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন রক্ষায় সরকারি সিদ্ধান্তের সঙ্গে একমত তারা। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে পর্যাপ্ত সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা।

মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad