আবর্জনামুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আবর্জনামুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী
Advertisement
Advertisement

আবর্জনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তার ভেরিফাইড ফেইসবুকে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা যদি প্রত্যেকে সচেতন হই, আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে ধীরে ধীরে হয়ত আমরা আমাদের এই দেশটাকে আবর্জনামুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব।’

দেশটা তো সবার মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ সুস্থ পরিবেশ।’

আরও পড়ুন

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘চিন্তা করে দেখুন তো যে ঘরটিতে আপনি থাকেন যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, আবর্জনা ছড়িয়ে থাকতো আপনার কাছে কি ভালো লাগত? নিশ্চয়ই না। আমাদের কারোরই ভালো লাগত না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে অথবা রিকশায় অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয় বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা জমে থাকলে মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আবর্জনাগুলো যদি যত্রতত্র না ফেলে দেই, একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনা জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি তাহলে যেমন আমাদের পরিবেশ ভালো থাকবে ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব।’

দেশের বিভিন্ন জেলা সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়ত কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি দেখেছি পুকুরের তেতরে অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তুপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকালে বসতো, গল্প করতো পরিবার পরিজন নিয়ে। এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না।’

তিনি বলেন, ‘ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকালবেলায় পরিবার পরিজনকে নিয়ে। কিন্তু গিয়ে যখন আমরা চিনা বাদাম খাচ্ছি অথবা চিপস খাচ্ছি খেয়েই আমরা খোসা বা প্যাকেটটা সেখানে ফেলে দিচ্ছে। পরিচ্ছন্নতাকর্মী হয়ত পরিষ্কার করে রাখছে কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতো পরিষ্কার থাকছে না। কিন্তু আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad