যুক্তরাষ্ট্রে মন্দিরে বন্দুক হামলা পরিকল্পনার অভিযোগে তরুণ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে মন্দিরে বন্দুক হামলা পরিকল্পনার অভিযোগে তরুণ গ্রেপ্তার
ছবি: এক্স থেকে সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে সম্ভাব্য বন্দুক হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি একটি হিন্দু উপাসনালয়ে হামলার পরিকল্পনা করছিলেন।

গ্রেপ্তার তরুণের নাম আলেক্সান্দ্রোস পাপোরাকিস। তিনি ইলিনয়ের পালাটাইনে একটি টাকো বেল রেস্টুরেন্টে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীদের ধারণা, তিনি ইলিনয়ের অরোরায় অবস্থিত সবচেয়ে বড় হিন্দু মন্দিরটিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিলেন। তবে হামলার জন্য নির্দিষ্ট কোন স্থান বেছে নেওয়া হয়েছিল, তা এখনো তদন্তাধীন। পাপোরাকিসের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুক কাউন্টির স্টেট অ্যাটর্নির কার্যালয়ের প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, পাপোরাকিসের সহকর্মীরা পুলিশকে তার কিছু উদ্বেগজনক ডিজিটাল যোগাযোগের তথ্য দেন। এর মধ্যে ম্যাস শুটিং হামলার পরিকল্পনা-সংবলিত একটি নথি এবং সরঞ্জামের ছবি ছিল।

সহকর্মীরা অভিযোগ করেন, কর্মস্থলে পাপোরাকিস প্রকাশ্যে নিজেকে শ্বেতাঙ্গবাদী হিসেবে পরিচয় দিতেন। ‘ভারতীয়দের হত্যার জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না’, বলেও মন্তব্য করেছিলেন।

পালাটাইন পুলিশ বিভাগ জানায়, রোববার বিকালে বাড়ি থেকে বের হওয়ার সময় পাপোরাকিসকে শনাক্ত ও গ্রেপ্তার করতে মাউন্ট প্রসপেক্ট ও পালাটাইন পুলিশ যৌথভাবে কাজ করে। গোয়েন্দাদের ধারণা, ওই দিনই তিনি হামলা চালানোর পরিকল্পনা করে থাকতে পারেন। এর আগে টাকো বেলের সহকর্মীদের তিনি বলেছিলেন, রোববার হবে ‘বিশেষ একটি দিন’।

আরও পড়ুন

প্রসিকিউটরদের অভিযোগ, রোববার দিনের শুরুতে পাপোরাকিস এক সহকর্মীকে ফোন করে জানান, তার বন্দুকের গুলি আটকে গিয়েছিল। এরপর তিনি ‘খুব দ্রুত’ সেখান থেকে চলে যান, যাতে কেউ তাকে দেখতে না পায়।

পালাটাইন পুলিশের প্রধান উইলিয়াম নর্ড বলেন, ‘এই কথিত হুমকির গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।’ তিনি বলেন, উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রাধিকার।

প্রসিকিউটরদের অভিযোগ, পাপোরাকিস এক সহকর্মীকে আট পৃষ্ঠার একটি নথি পাঠিয়েছিলেন। নথিটির শিরোনাম ছিল ‘হোয়াই আই ফট: এ.কে.এ. (অরোরা শুটারের ম্যানিফেস্টো)’। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা আদালতের নথি অনুযায়ী, এতে ভারতীয়, ইহুদি ও আফ্রিকান-আমেরিকানদের ‘মানবেতর’ হিসেবে বর্ণনা করা হয় এবং তাদের যত বেশি সম্ভব হত্যা করার পরিকল্পনার কথা লেখা ছিল।

পুলিশ ও প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, পাপোরাকিসের বাড়িতে তল্লাশি চালিয়ে সিরিয়াল নম্বরবিহীন একটি রাইফেল, গুলিভর্তি ম্যাগাজিন, গোলাবারুদ, দক্ষিণ এশীয়দের লক্ষ্য করে অবমাননাকর শব্দ লেখা একটি গ্যাস ক্যানিস্টার এবং নাৎসি প্রতীকসংবলিত কয়েকটি সামগ্রী উদ্ধার করা হয়।

কথিত ওই ঘোষণাপত্রে পাপোরাকিস নিজেকে ‘ঘৃণায় পূর্ণ একজন সমাজবিচ্ছিন্ন শ্বেতাঙ্গবাদী নব্য-নাৎসি’ হিসেবে বর্ণনা করেন। সেখানে প্রায় প্রতিদিনই গণহত্যার কল্পনা করার কথাও লেখা ছিল বলে অভিযোগ রয়েছে।

বুধবার এক বিচারক পাপোরাকিসকে বিচার শুরুর আগ পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর তাকে আবার আদালতে হাজির করার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad