সোনালি রঙের ১০ হাজার কয়েন চকলেট দিয়ে তৈরি করা হয়েছে দুর্গাপ্রতিমা। ব্যতিক্রমী এ প্রতিমা দেখতে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর শ্রীশ্রী গঙ্গামাতা মন্দিরের পূজামণ্ডপে ভিড় করছেন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা।
তাহেরপুরের হালদারপাড়ায় স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ সংঘের উদ্যোগে তৈরি করা হয়েছে এ প্রতিমা। প্রচলিত উপকরণের বাইরে গিয়ে কয়েন চকলেট দিয়ে প্রতিমা সাজানোর এ আয়োজন ইতোমধ্যে দর্শনার্থীদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এটি দেখতে মানুষের আগ্রহ আরও বেড়েছে।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, প্রতিবছর দুর্গাপূজায় দর্শনার্থীদের জন্য নতুন কিছু করার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবার চকলেট দিয়ে দুর্গাপ্রতিমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়। প্রতিমা নির্মাণ ও সাজসজ্জায় ব্যয় হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।
তাহেরপুর শ্রীশ্রী গঙ্গামাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দ্বীজেন হালদার বলেন, প্রতিবছরই দর্শনার্থীদের জন্য ব্যতিক্রমী কিছু করার চেষ্টা থাকে। এরই অংশ হিসেবে এবার কয়েন চকলেট দিয়ে দুর্গাপ্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নাটোরের প্রতিমাশিল্পী নীল কুমার দাস প্রতিমাটির মূল কারিগর। তার নিপুণ হাতে প্রায় ১০ হাজার পিস কয়েন চকলেট দিয়ে প্রতিমাটি সাজানো হয়েছে।
মন্দির কমিটির সভাপতি শিবেন হালদার বলেন, চকলেট দিয়ে তৈরি প্রতিমাটি এবারের দুর্গোৎসবে নতুন মাত্রা যোগ করেছে। এ আয়োজন দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। তাদের নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পূজা উপভোগের জন্য কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


