চট্টগ্রামের বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগে করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে নাম থাকা অপর এক আসামি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।
পুলিশ জানিয়েছেন, নিহত ইমন বাকলিয়া এলাকার বাসিন্দা। তার মৃত্যুর ঘটনায় ফুফু রেহানা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। তারা বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা ও বাস্তহারা বস্তিতে বসবাস করেন।
মামলার এজাহার অনুযায়ী, একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়েছিল। পরে তাকে মারধর করে বাকলিয়ার কল্লোলক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে সেতুর নিচে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ রয়েছে।
খবর পেয়ে ইমনের ফুফু রেহানা বেগম ও তার ছেলে ঘটনাস্থলে যান। সেখানে তারা ইমনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ইমনের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রয়েছে।


