এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ৮১.৯২% শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ৮১.৯২% শেয়ার অবরুদ্ধের নির্দেশ
Advertisement
Advertisement

ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে এস আলম কর্তৃক বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে হাইকোর্ট।

একই সঙ্গে ওই ২৪ প্রতিষ্ঠানের নামে থাকা ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার তিন মাসের জন্য অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো (আইইআরবি) এ রিট আবেদন করে। রিটকারীর পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. লুৎফর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩০ আগস্ট এ রুল জারি করে।

রুলে জানতে চাওয়া হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১৪ক ও ১৪খ ধারার বিধান লঙ্ঘন করে ২৪টি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার কেন্দ্রীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না।

আরও পড়ুন

একই সঙ্গে ওই শেয়ারগুলো ব্যাংক কোম্পানি আইনের ১৪ক(৩) ধারার অধীনে বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তাকেও কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী, একই গ্রুপ বা পরিবারের হাতে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই।

রিটে বলা হয়েছে, এর বিপরীতে ইসলামী ব্যাংকের ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার কোম্পানি এস আলম-সংশ্লিষ্ট এবং এসব প্রতিষ্ঠানের হাতে ব্যাংকটির মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।

রিটের পরিপ্রেক্ষিতে জারি করা অন্তর্বর্তী আদেশে হাইকোর্ট ২৪টি কোম্পানির নামে থাকা ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার আগামী তিন মাসের জন্য অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর