সাভারের আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, মধ্য গাজীর চটের এ পরিবারটি নতুন ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তারা স্থানীয়
হাজী হযরত আলীর বাসার ২য় তলায় ভাড়া নিয়েছিলেন। তালাবদ্ধ একটি কক্ষ থেকে মধ্যরাত দেড়টায় ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী স্ত্রী নতুন ভাড়া নিয়ে থাকতেন। আজ ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।
সি আই ডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ওসি তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় উদ্ধার ও হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।


