নওগাঁয় ফটোকপির দোকানে জাল নোট তৈরি, ডিবির জালে ধরা

নওগাঁয় ফটোকপির দোকানে জাল নোট তৈরি, ডিবির জালে ধরা
গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

নওগাঁয় কম্পিউটার ও কালার প্রিন্টার ব্যবহার করে অভিনব কায়দায় জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৭ হাজার টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির নানা উপকরণ জব্দ করা হয়।

রোববার রাতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পয়না বাজারে তারিকুলের নিজস্ব দোকান ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজারের আশরাফ আলীর ছেলে। তিনি ওই বাজারে দীর্ঘদিন ধরে স্টুডিও ও ফটোকপির ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুন

পুলিশ সুপার জানান, রোববার ডিবি পুলিশের একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পয়না বাজারের একটি কম্পিউটারের দোকানে অবৈধভাবে জাল টাকা তৈরি করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ওই দোকানে অভিযান চালানো হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারিকুল ইসলামের দেহ তল্লাশি করে ১০০০ টাকা মূল্যমানের মোট ৪৭টি জাল নোট (৪৭ হাজার টাকা) উদ্ধার করা হয়।

অভিযানকালে জাল টাকা তৈরিতে সরাসরি ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করে পুলিশ।

এসপি আরও জানান, গ্রেপ্তার তারিকুলের ব্যবহৃত কম্পিউটারে স্ক্যান ও এডিট করা জাল নোট তৈরির সুনির্দিষ্ট তথ্য ও ফাইল পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, জাল নোট তৈরি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং ইতোমধ্যে এসব জাল নোট বাজারে ছড়ানো হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর