কিশোরগঞ্জের কটিয়াদীতে ভারী বৃষ্টির মধ্যে বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মা ও দাদি আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর অষ্টঘরিয়া (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা আক্তার (১৬) ওই গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজে আমেনা বাড়িতে ফিরে বসতঘরের দরজার সামনে হেলান দেন। এ সময় টিনের চালে সংযুক্ত জোড়াতালি দেওয়া বিদ্যুতের তারে লিকেজ থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে বলে পরিবারের ধারণা। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকে যান।
আমেনার মা শিখা আক্তার বলেন, পাশের একটি ঘরের মেরামতের কাজ চলছিল। সেখান থেকে অস্থায়ীভাবে একটি বিদ্যুতের লাইন দাদির ঘরে নেওয়া হয়েছিল। মেয়েকে ছাড়াতে গিয়ে তিনি ও আমেনার দাদিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে আহত হন।
পরে পরিবারের সদস্যরা আমেনাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


