দুবাইয়ে নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩১ রান করেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস (১৪)। দিলারা ২৬ ও সোবহানা মোস্তারী ৪১ বলে ৩৪ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪) দ্রুত ফিরলেও ফাহিমা খাতুনের ১৪ রানে ভর করে ১১৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে চামুডি প্রবোদা ৩টি ও সুগন্ধিকা কুমারী ২টি উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে মারুফা আক্তারের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। চামারি আতাপাত্তু (১) ও ইমেশা দুলানিকে (১২) মারুফা ফেরানোর পর সঞ্জনা কবিন্দীকে আউট করেন সুলতানা খাতুন। এরপর বিশমি গুনারত্নেকে রিতু মনি ও কাভিশা দিলহারিকে রান আউট করলে ৪৪ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।
ষষ্ঠ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও নীলাক্ষিকা সিলভা ৩৮ রান যোগ করেন। সিলভাকে (১৮) বোল্ড করে নিজের তৃতীয় উইকেট নেন মারুফা। তবে ১৮তম ওভারে ১৬ রান ওঠার পর শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন হয় মাত্র ২ রান, যা ১৯ ওভার ২ বলেই তুলে নেয় তারা।
এই জয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলে বাংলাদেশের সামনেও সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে।


