দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) রুবীনা ইয়াসমীন জানান, মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষায় এবার লিখিত অংশ যুক্ত হচ্ছে। তবে সেটি হবে সীমিত পরিসরে। লিখিত অংশে ১০ থেকে ২০ নম্বর পর্যন্ত প্রশ্ন থাকতে পারে। বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।’
বৈঠকে বিএমডিসি সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক মহিউদ্দিন মাতুব্বর উপস্থিত ছিলেন।
বর্তমানে দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি। অন্যদিকে, ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৯৩টি।


