রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে মুক্তিপণ দিয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। ব্যবসায়ী মো. মকবুল (৩৮) পেশায় কসাই ও গরুর ভুঁড়ি বিক্রেতা।
সোমবার বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহত মকবুলের বড় ভাই মো. শাহ আলম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলমপুরা গ্রামে। মকবুল কসাইয়ের কাজ করেন এবং পাশাপাশি গরু ও খাসির ভুঁড়ি কিনে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় বিক্রি করতেন।
সোমবার ভোরে তিনি বাড়ি থেকে ঢাকায় কাজের জন্য আসেন। যাত্রাবাড়ী এলাকায় পৌঁছানোর পর একটি মাইক্রোবাসে থাকা ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেন এবং তার চোখ বেঁধে ফেলেন।
তিনি অভিযোগ করেন, গাড়ির ভেতরে তারা মকবুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরিস্থিতি বিবেচনা করে পরিবার ৬০ হাজার টাকা বিকাশের মাধ্যমে তাদের পাঠায়। টাকা পাওয়ার পর অপহরণকারীরা মকবুলকে মদনপুর বাসস্ট্যান্ডের কাছে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মকবুলকে বিকালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


