প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) আনজা কারস্টেন অংশ নেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের দীর্ঘদিনের সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল এবং অন্যান্য খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
হুমায়ুন কবির বৈঠকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহ পুনর্ব্যক্ত করেন।


