সারা দেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজাতে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে ডিজিটাল রোডম্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বর্তমান সরকার বিশেষ জোর দিচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এম এ মুহিত বলেন, সরকার স্বাস্থ্য ব্যবস্থার নতুন রূপদান (রিমডেলিং) নিয়ে কাজ করছে। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুরো হেলথ সিস্টেমের ডিজিটাল রোডম্যাপ তৈরির বিষয়টি প্রাধান্য পেয়েছে। গত দেড়-দুই বছর ধরে দেশ-বিদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে এই রূপরেখা তৈরি করা হয়েছে।
প্রযুক্তির দ্রুতগতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রযুক্তির ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে, তার প্রতিফলন ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ ডকুমেন্টেশনে রয়েছে। দুই বা আড়াই বছর আগেও স্বাস্থ্য খাতে এআই নিয়ে এতটা ভাবা হয়নি, যা এখন গুরুত্ব পাচ্ছে। ই-হেলথ কার্ড এবং ডিজিটাল প্রেসক্রিপশনের মতো বিষয়গুলো এখন বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে।
সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা এবং মানুষের মৌলিক স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রের অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকারি সংস্থা, এনজিও এবং একাডেমিক রিসার্চ–এই তিন পক্ষ ভিন্ন দৃষ্টিকোণ থেকে একই লক্ষ্য অর্জনে কাজ করছে।
সেমিনারে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ এনামুল হক এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম উপস্থিত ছিলেন।


