রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকা থেকে টয়লেটে আটকে পড়া এক স্কুলছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।
উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টা ২৩ মিনিটে নিগার সুলতানা নামে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ভেতরে থাকা এক ছাত্র কোনো সাড়া দিচ্ছে না।
৯৯৯ কল টেকার কনস্টেবল জান্নাতুল শাবনুর বিষয়টি দ্রুত পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনে জানান। ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল উদ্ধার তৎপরতা সমন্বয় করেন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দরজা ভেঙে সপ্তম শ্রেণির ছাত্র নীরব বিশ্বাসকে (১৪) উদ্ধার করে। টয়লেটের ভেতরেই সে জ্ঞান হারিয়েছিল।


