একটি মহল মিথ্যা প্রচারণা চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, ‘এর জবাব বিএনপি রাজপথেই দেবে।’
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগরের পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালির আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মীর হেলাল বলেন, দেশে তেল-গ্যাস নেই বলে যারা প্রচার চালাচ্ছেন, তারাই আবার এক হাজার গাড়ি নিয়ে র্যালির আয়োজন করছেন। ৫ সেপ্টেম্বর এক হাজার গাড়ির র্যালি হলে এতে প্রায় দুই লাখ লিটার তেল লাগবে। ‘এটাই বাংলাদেশের রাজনীতির হিপোক্রেসি। অন্তরে এক, মুখে আরেক।’
তিনি বলেন, জনগণ তারেক রহমানকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। এই সময়ের মধ্যে দেশের সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
মীর হেলাল আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। কৃষকদের জন্য ঋণ অনুমোদন করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা ১৭ বছর গুপ্ত রাজনীতি করিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে থেকেই প্রতিটি বছর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি।’
পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।


