ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
বৃহস্পতিবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬। আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল গণনা শেষে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচনে ভোট পড়েছে ৬৪ দশমিক ৮১ শতাংশ।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
তিনি জানান, ১৮৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে মির্জা ফয়সল আমীন জয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বটগাছ প্রতীকের প্রার্থী মো. আব্দুল আমীন নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মো. বদরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। ডাব প্রতীকের প্রার্থী হুমায়ুন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৪৯ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আসনের ১৮৫টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। পরে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
ভোটগ্রহণ চলাকালে কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন নির্বাচনী কর্মকর্তাদের পরিচয়পত্রে অসংগতি, জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।


