ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। আসনটির সদর উপজেলা, রুহিয়া ও ভূল্লী এলাকার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। ভোটারদের উপস্থিতি, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ এবং ভোটের সার্বিক পরিস্থিতির দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া এলাকা নিয়ে গঠিত এই আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা। এখানে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ২৮৯ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক ঝুঁকিপূর্ণ ও ৭০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ১০ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।


