সাত দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ আয়োজন করেছে কোস্ট গার্ড। পাঁচ দিনের এ প্রশিক্ষণে বিদেশি আটজনসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ডের উদ্যোগে প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রায় গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। এতে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার আটজন বিদেশি প্রশিক্ষণার্থী অংশ নেন। এ ছাড়া নৌবাহিনীর দুইজন এবং কোস্ট গার্ডের দুইজন প্রশিক্ষণার্থী কোর্সটি সম্পন্ন করেন।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত জ্ঞান, নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার দক্ষতা এবং মানব পাচার প্রতিরোধে সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সমন্বয় জোরদার করার লক্ষ্য রয়েছে।
সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কোস্ট গার্ডের প্রশিক্ষণ সক্ষমতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে মানব পাচার, অবৈধ অভিবাসন, সামুদ্রিক অপরাধ ও আন্তদেশীয় নিরাপত্তা হুমকি মোকাবিলায় এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে।
প্রশিক্ষণটি সফলভাবে আয়োজনের জন্য কোস্ট গার্ডের মহাপরিচালক ও বিসিজি বেইস অগ্রযাত্রার কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নেতৃত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন তিনি।
সিনিয়র সচিব বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন কোস্ট গার্ডের প্রশিক্ষণ সক্ষমতা, দক্ষতা ও পেশাদারিত্ব তুলে ধরেছে। এর মাধ্যমে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সহযোগিতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে কোস্ট গার্ড ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কোস্ট গার্ডের প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ভবিষ্যতেও বিসিজি বেইস অগ্রযাত্রায় এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ জানান তিনি।


