বাংলাদেশের তরুণদের জাপানে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে চারটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার ঢাকায় এ লক্ষ্যে রহিমআফরোজ, জাপানের ওনোদেরা ইউজার রান কোম্পানি লিমিটেড, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ও ইনস্টিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের (আইআইএসএফ) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
প্রস্তাবিত কেন্দ্রে তরুণ-তরুণীদের জাপানি ভাষা, পেশাগত দক্ষতা, কর্মক্ষেত্রের সংস্কৃতি ও আচরণবিধি শেখানো হবে। এ উদ্যোগে সুবিধাবঞ্চিত তরুণদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ ও জাপানে নির্ভরযোগ্য কর্মসংস্থানের জন্য তাদের প্রস্তুত করাই এর লক্ষ্য।
সমঝোতা অনুযায়ী, ওনোদেরা ইউজার রান জাপানি ভাষা শিক্ষা, চাকরির প্রস্তুতি ও কর্মক্ষেত্রের রীতিনীতি বিষয়ে প্রশিক্ষণ দেবে।
সিজেডএম সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী থেকে প্রশিক্ষণার্থী বাছাই ও তাদের অংশগ্রহণে সহায়তা করবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও বৃত্তির সুযোগ তৈরি করবে। উদ্যোগটিকে দারিদ্র্য বিমোচন ও সামাজিক ক্ষমতায়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করবে প্রতিষ্ঠানটি।
আইআইএসএফ প্রশিক্ষণের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ সরবরাহ করবে। রহিমআফরোজ কৌশলগত সহায়তা, অংশীদারদের মধ্যে সমন্বয় এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবে।
সমঝোতা স্মারকে সই করেন ওনোদেরা ইউজার রানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জুন কাতো, সিজেডএমের প্রধান নির্বাহী মোহাম্মদ আইয়ুব মিয়া, আইআইএসএফের ভাইস চেয়ারম্যান আরাস্তু খান এবং রহিমআফরোজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।
জুন কাতো বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা তরুণদের জাপানি ভাষায় দক্ষতা অর্জন, ব্যবহারিক পেশাগত যোগ্যতা উন্নয়ন এবং জাপানের কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কে ধারণা পেতে সহায়তা করতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত জাপান দূতাবাসের মিনিস্টার আয়া ইয়োশিদা বলেন, জাপান বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী। তবে দেশটিতে কাজের জন্য জাপানি ভাষায় দক্ষতা, পেশাগত যোগ্যতা এবং কর্মক্ষেত্রের সংস্কৃতি ও রীতিনীতি সম্পর্কে যথাযথ ধারণা থাকা জরুরি।
রহিমআফরোজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম বলেন, অংশীদার প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণদের দক্ষতা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগের মধ্যে সংযোগ তৈরি করতে চান তারা।
সিজেডএমের প্রধান নির্বাহী মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, মানসম্মত প্রশিক্ষণ ও নির্ভরযোগ্য কর্মসংস্থান সুবিধাবঞ্চিত তরুণদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করতে পারে। এ উদ্যোগের মাধ্যমে তাদের কর্মসংস্থানের বাধা দূর করতে চায় প্রতিষ্ঠানটি।
প্রস্তাবিত প্রশিক্ষণকেন্দ্রটি জাপানের জনশক্তি উন্নয়নের অভিজ্ঞতা, সামাজিক উন্নয়ন কার্যক্রম, শিক্ষার অবকাঠামো ও বেসরকারি খাতের সহায়তাকে একত্র করবে।
তবে কেন্দ্রটির অবস্থান, কার্যক্রম শুরুর সময়, প্রশিক্ষণার্থীর সংখ্যা ও প্রকল্প ব্যয় এখনো ঘোষণা করা হয়নি।


