প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এর স্পয়লারে ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নে বিলম্ব হয়। চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা ছিল তার।
টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি পুশব্যাকের পর রানওয়ের দিকে যাওয়ার সময় স্পয়লারে ত্রুটি ধরা পড়ে। পাইলট ককপিটে ত্রুটির সংকেত দেখতে পেয়ে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করে উড়োজাহাজটি নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
স্পয়লার উড়োজাহাজের ডানায় থাকা একটি অংশ। এটি উড্ডয়নের সময় লিফট কমাতে এবং অবতরণের পর উড়োজাহাজের গতি কমাতে সাহায্য করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের শাহনূর আহমেদ প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করে ছিলেন।


