অবৈধ ফুটপাত দখলকারীদের উৎসাহিত করে, এমন প্রশ্ন না করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার সকাল ১১টা ও বিকাল সাড়ে ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অভিযানকালে মূল সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মালামাল জব্দ করা হয়। এ অভিযানের মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত পুরো সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
বারবার উচ্ছেদ অভিযানের পরও হকাররা কীভাবে আবার ফিরে আসেন, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব।’
তিনি বলেন, একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া ও গ্রেপ্তার করা হবে।
হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ করার অভিযোগ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী, সে অনুযায়ী গণমাধ্যমের জনমত গড়ে তোলা উচিত।
তিনি বলেন, সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিতে পারবে না। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে। বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে।
আবদুস সালাম বলেন, ‘এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে। এর কোনো বিকল্প নেই।’
উচ্ছেদ অভিযান চলাকালে সাধারণ পথচারীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা স্বস্তি প্রকাশ করেন এবং প্রশাসককে ধন্যবাদ জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।


