আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার সকালে তার দায়িত্ব নেওয়ার তথ্য জানায় পুলিশ সদরদপ্তর।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পদোন্নতির আগে মো. আলী হোসেন ফকির পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
পুলিশ সদরদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মজীবনে নানা সময় রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাবের মুখে পড়তে হয়েছে তাকে। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে একবার তাকে বরখাস্তও করা হয়।
পরে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরিতে ফিরে আসেন। পরবর্তীতে আবারও আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি ফের চাকরিতে ফেরেন। আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় পুনর্বহাল হন। পরে তাকে সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট জেলায়। কর্মজীবনে তিনি চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত। এসপি হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেছেন।
সবশেষ ২০০৮ সালে ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের ডিসি হিসেবে দায়িত্বে ছিলেন। এরপর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন। দেশে ফিরে রাজশাহী ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে সংযুক্ত ছিলেন। সেখানে কর্মরত অবস্থায়ই তিনি বাধ্যতামূলক অবসরে যান।


