২০০৭ সালে নিয়োগ বঞ্চিত পুলিশের ৫৩৬ জন এসআই ও ২২১ জন সার্জেন্ট প্রার্থী প্রধান উপদেষ্টার কাছে তাদের চাকরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
বঞ্চিতদের পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় এস এম সুজন চৌধুরী, শাহেদুল আলম দীপু, আব্দুল মালেক, ওমর ফারুকসহ নিয়োগ বঞ্চিত পুলিশের শতাধিক এসআই উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং আইন মন্ত্রণালয়ের সুপারিশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি নিয়োগ পুনর্বহালের সম্মতি প্রার্থীদের জেষ্ঠতাসহ বয়স ও ট্রেনিংকালীন সময় প্রমার্জনার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে সারসংক্ষেপ পাঠানো হলেও তাদের চাকরি হচ্ছে না। সারসংক্ষেপ পাঠানোর পর ৬ মাস ১৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, ‘বিগত ১৮ বছর বৈষম্যের স্বীকার হয়ে এখনও বৈষম্যমুক্ত মানবিক নতুন বাংলাদেশে আমাদের সারসংক্ষেপ অনুমোদনের অপেক্ষায় পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের মানবেতর জীবন-যাপন সম্পর্কে জানাতে চাই, আমাদের মাঝে কেউ-কেউ বর্তমানে পাঠাও চালিয়ে জীবন-যাপন করছে। আমাদের অনেকের পিতা-মাতা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও তাদের চিকিৎসা ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই। বিগত ১ বছরের অধিক সময়ে বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে-দ্বারে ঘুরে অনেকেই বেসরকারি চাকরিরত থেকে চাকরিচ্যুত হয়ে গেছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত চাকরি বঞ্চিতরা ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে নিয়োগ বঞ্চিত ৭৫৭ জন এসআই সার্জেন্টদের জেষ্ঠতাসহ বয়স ট্রেনিংকালীন সময় প্রমার্জনা করে অনতিবিলম্বে চাকরিতে যোগদানের অনুমতি দেওয়ার অনুরোধ জানান।


