রাজশাহীর বাঘা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার সকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)। তারা নিঃসন্তান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম পেশায় ভ্যানচালক ছিলেন। ওই বাড়িতে শুধু এই দম্পতি বসবাস করতেন। সোমবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা ডাকাডাকি করেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পাশের একটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে শয়নকক্ষের একই বিছানায় তাদের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


