মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নসিমন চালক মজনু (৩৬) ও তার সহকারী দুলাল মনি দাস (৪২)। মজনু ফরিদপুরের সালথা উপজেলার বল্লব্দি এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি শ্রীনগরের মদনখালী এলাকায় ভাড়া থাকতেন। দুলাল মনি দাস উপজেলার শিবরামপুর এলাকার মৃত সাধন মনি দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাড়া থেকে কাঠ নামিয়ে নসিমনটি বাড়ৈখালীর দিকে যাচ্ছিল। লস্করপুর নতুন রাস্তা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বৈশাখী পরিবহনের বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মজনু ও সহকারী দুলালের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি ঢাকার দিকে পালিয়ে যায়।
নিহত দুলালের ভাই স্বপন মনি দাস জানান, শিবরামপুর হাট উপলক্ষে দুলাল নসিমনে কাঠ নিয়ে হাসাড়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘাতক বাস শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


