পাবনার ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণসহ নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন অনিয়মের দায়ে ‘পাবনা দই ঘর’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সব অনিয়ম সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে।
সোমবার জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ঈশ্বরদী উপজেলার ‘পাবনা দই ঘর’-এ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। প্রস্তুত খাবার খোলা অবস্থায় রাখা, পোড়া তেল ব্যবহার, নিবন্ধন ছাড়া ঘি উৎপাদন ও বিক্রি এবং লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাত করা হচ্ছিল। এসব কার্যক্রম নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
পাশাপাশি এক মাসের মধ্যে সব অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্যও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
অভিযানে সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাবনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ। সহযোগিতা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও আবু কায়সার। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়।


