টাঙ্গাইলের মধুপুরে নিজ ঘর থেকে অনিকা (১৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় আনিকাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অনিকা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার তালতলী গ্রামের আনিসুর রহমানের মেয়ে এবং ওই গ্রামের সজীব মিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার আগের দিন অনিকা কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যান। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলা থেকে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ঘটনার দিন পরিবারের সদস্যরা দৈনন্দিন কাজে ঘরের বাইরে যান। আনিকা বাড়িতে একা ছিলেন। বিকালের দিকে স্বজনরা বাড়িতে ফিরে এসে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। এরপর সন্দেহ হলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


