চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে কাজটি আটকে রাখার অভিযোগ আসে।
অভিযোগ অনুযায়ী, সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়ে লিখিত আবেদন করেন।
আবেদনের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশকে ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলা দায়ের করে আদালতে নেওয়া হচ্ছে।


