সারা দেশে আরও ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান। সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
জাতীয় সংসদে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় বর্তমানে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মোট ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, উক্ত প্রকল্পের আওতায় সারা দেশে আরও ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য ডিপিপি সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে।
ডিপিপি অনুমোদিত হলে আগামী অর্থ-বছরে সংশ্লিষ্ট সংসদীয় আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।


