জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এবং স্বৈরাচার, সহিংসতা ও গণতন্ত্রবিরোধী রাজনীতির প্রতিবাদে প্রতীকী কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘স্বৈরাচারের স্থান ডাস্টবিনে’ শিরোনামে আয়োজিত কর্মসূচিতে জকসুর নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে স্বৈরাচার, গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, স্টেনবাজি, সহিংসতা ও শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়।
জকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নূর নবী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে এ কর্মসূচি। স্বৈরাচার, দুর্নীতি, চাঁদাবাজি, স্টেনবাজি, সহিংসতা ও শিক্ষাঙ্গনের দলীয় রাজনীতির কোনো স্থান নেই।’
তিনি বলেন, ‘গণতন্ত্র, জবাবদিহি ও আইনের শাসনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাতেই এ উদ্যোগ । জকসু গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘এ কর্মসূচির জন্য প্রক্টর অফিসের অনুমতি নেওয়া হয়নি। আপনাদের মাধ্যমে বিষয়টি জেনেছি।’


