শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় একজনের হাত উড়ে যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল তমিজ খাঁ ও তার সমর্থকদের। সোমবার সন্ধ্যায় লাউখোলা এলাকায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
এদের মধ্যে রেজাউল শিকদারের গ্রুপের সমর্থক মান্নান সরদার নামের এক ব্যক্তিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়াও তমিজ খাঁ গ্রুপের সমর্থক রিপন মোল্লা নামের এক ব্যক্তিকে হাতবোমার আঘাতে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, ‘বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে এবং আহত আরেক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে।’
বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, জাজিরায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


