রাজধানীর রামপুরা ব্রিজের স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে আলম মুন্সী (৭৪) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
নিহত আলম মুন্সী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ী মুন্সীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি রাজধানীতে ভবঘুরে হিসেবে জীবনযাপন করতেন।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দুই বছর আগে আলম মুন্সী বাড়ি থেকে নিরুদ্দেশ হন। ওই সময় তার পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আত্মীয়স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
তিনি আরও জানান, সকালে স্লুইসগেটের পাশে পানির স্রোতে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মর্গে এসে মরদেহটি শনাক্ত করেন।


