কুষ্টিয়ায় জন্ম নেওয়া জোড়া লাগানো জমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের সব চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। সোমবার রাতে শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আলাদা করতে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রাতে হাসপাতালে শিশু দুটিকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসার খোঁজখবর নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সংবাদমাধ্যমে খবরটি দেখে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা না হওয়ার কথা জানতে পেরে তিনি আমাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাদের ঢাকায় আনা হয়। অস্ত্রোপচারসহ সমুদয় খরচ সরকারের পক্ষ থেকেই বহন করা হবে।’
শিশু দুটির শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সদরুদ্দিন আল মাসুদ জানান, শিশু দুটির বুক ও পেট জোড়া লাগানো। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, দুজনের একটি হৃৎপিণ্ড, যা অত্যন্ত জটিল ও সংকটজনক পরিস্থিতি। মঙ্গলবার মেডিকেল বোর্ড গঠন করে তাদের পরবর্তী অস্ত্রোপচার ও চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দিঘলতুয়া গ্রামের মো. আলী ওরফে নাহিদ হাসান ও সানজিদা ইয়াসমিন মুক্তা দম্পতির সন্তান এরা। নাহিদ হাসান স্থানীয় একটি দোকানে স্বল্প বেতনে চাকরি করেন।
নাহিদ হাসান জানান, প্রায় তিন মাস সাত দিন আগে জন্ম নেওয়া সন্তান দুটিকে আর্থিক সংকটের কারণে চিকিৎসা না করিয়ে গ্রামে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। সরকারের এই উদ্যোগে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


