ঢাকার সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে (ডেইরি ফার্ম) দুর্বৃত্তদের মারধরে জয়নাল হাজারী নামে প্রতিষ্ঠানটির এক কর্মচারী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগী জয়নাল হাজারী সাভার ডেইরি ফার্মের বায়ার শাখার রাজস্ব খাতের একজন নিয়মিত কর্মচারী।
অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি শেখ আবেদ আলী (৩৫) কেরানীগঞ্জের কলাতিয়া গ্রামের মৃত আমীর আলীর ছেলে। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে ডেইরি ফার্মের ভেতরের কোয়ার্টারে থাকেন বলে অভিযোগ স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, রোববার সকালে একটি লিজ নেওয়া পুকুরে মাছ ধরছিলেন জয়নাল হাজারী ও তার পরিবার। সকাল ১১টার দিকে শেখ আবেদ আলী সেখানে গিয়ে লিজের টাকার বিষয়ে বাকবিতণ্ডায় জড়ান।
একপর্যায়ে আবেদ আলী সঙ্গীদের ডেকে এনে জয়নালকে বেধড়ক মারধর করেন এবং অণ্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা চালান। পরে স্বজনেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, আবেদ আলী মাদকাসক্ত ও বখাটে হিসেবে পরিচিত। তিনি ক্ষমতাচ্যুত সরকারের স্থানীয় নেতা ‘সাইকো মারুফ’-এর ছত্রচ্ছায়ায় সরকারি ডেইরি ফার্মের ভেতর বসবাস করে বিভিন্ন অপকর্ম চালাতেন।
সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, বহিরাগতদের হামলায় তাদের এক কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। যে কর্মচারীর সুবাদে আবেদ আলী সেখানে থাকতেন, সেই শহর আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


