রাজবাড়ীতে দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। নিহতরা হলেন আরিফ (২২) ও স্বাধীন (১৭)। গুরুতর আহত হন শাওন (২২) নামে আর একজন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আরিফ কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমালা গ্রামের বক্করের ছেলে এবং স্বাধীন (১৭) পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে। আহত শাওন (২২) মৈশালা পালপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
এর আগে রোববার দুপুরে বালিয়াকান্দি উপজেলার শালমারা এলাকায় স্যালো ইঞ্জিনচালিত ভটভটির চাপায় মতিয়ার রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রিক্তা বেগম।
আহত রিক্তা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ভটভটি গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাতে দুর্ঘটনার শিকার মরদেহ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে তাদের মৃত্যু হয়। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


