টানা এক সপ্তাহ আন্দোলনের পর মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ সমাবেশ করবেন। একইসঙ্গে আমরণ অনশনও কর্মসূচিও পালন করবেন এমপিওভুক্ত শিক্ষকরা।
রোববার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে থালা-বাটি নিয়ে ভুখা মিছিল শেষে আমরণ অনশনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা। আগের মতোই শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত থাকবে। কেউ ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কাজে অংশ নেবে না।’
তিনি আরও বলেন, ‘মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে প্রাথমিক বিজয় মনে করছি আমরা। ২০ শতাংশ হারে বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ পর্যন্ত উৎসব ভাতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
এর আগে, সকালে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু তা প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।
এরপর বিকালে থালা-বাটি নিয়ে ভুখা মিছিলসহ শিক্ষা ভবন ঘেরাও করতে যান তারা। তবে হাইকোর্ট প্রাঙ্গণে তাদের আটকে দেয় পুলিশ। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসেন আন্দোলনকারীরা।
শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল ৯ শতাংশের বেশি
বাড়িভাড়া বৃদ্ধির ঘোষণার পরও শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রণালয়।
এক্ষেত্রে মূল বেতনের ৫ শতাংশ বা ২ হাজার টাকার মধ্যে যেটির পরিমাণ বেশি হবে। সেই অর্থই বাড়িভাড়া হিসেবে পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবিত হিসেব অনুসারে অন্তত ৭৫ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়িভাড়ার পরিমাণ তাদের মূল বেতনের ৯ শতাংশের বেশি হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ (গ্রেড-৪) ও উপাধ্যাক্ষ (গ্রেড-৫) ছাড়া অন্য সব পদে ৫ শতাংশ হারে বাড়িভাড়ার পরিমাণ ২ হাজার টাকার কম হয়। সেক্ষেত্রে তারা সবাই ন্যূনতম হিসাবে ২ হাজার টাকা বাড়িভাড়া পাবেন। কিন্তু ৫ শতাংশ হারে অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের বাড়িভাড়ার পরিমাণ ২ হাজারের বেশি হয়। তাই তারা শতাংশের হিসেবে যথাক্রমে ২ হাজার ৫০০ এবং ২ হাজার ১৫০ টাকা করে বাড়িভাড়া পাবেন।
শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান উপদেষ্টার
৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই হারে বাড়িভাড়া বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবের পর শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেছেন, ‘শিক্ষকদের কাছে আবেদন করছি, তারা যেন বাড়ি ফিরে যান এবং শ্রেণিকক্ষের কার্যক্রম শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি শিক্ষকদের আরও পাওয়া উচিত। কিন্তু এখন সীমাবদ্ধতার কারণে সে সিদ্ধান্ত হয়েছে, সেই অনুসারেই অর্থমন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে। আশা করি শিক্ষকসমাজ এটি মেনে নেবেন।’
গত রোববার তিন দাবিতে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষকরা। বিকালে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করতে থাকেন তারা। শুক্রবার জুমার নামাজের পর থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকদের একাংশ।


