ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা রেল স্টেশন এলাকায় আগুন দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য বিঘ্নিত হয় ট্রেন চলাচল।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এসময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ৩০ মিনিটের মতো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। রাত ১২টার পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়।
এর আগে বুধবার গভীর রাতে যে জায়গায় আগুন দেওয়া হয়েছিল সেখানেই আবার আগুন দেওয়া হলো।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ‘পুলিশ সদস্যদের নিয়ে আমি রেল স্টেশন এলাকা পরিদর্শন করেছি। ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।’


