বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার একটি মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা নুসরাত ফারিয়ার জামিন চেয়ে স্পেশাল পুটআপ জমা দিয়েছিলাম। আদালত শুনানি শেষে তাকে পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন।’
‘আমরা এখন জামিননামা দাখিল করব। প্রত্যাশা করছি, তিনি আজই কারামুক্ত হতে পারবেন।’
সোমবার সকালে নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হলে শুনানি শেষে বিচারক নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
বিমানবন্দর থেকে নুসরাতকে আটকের পর তাকে হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে।
তার গ্রেপ্তারের ঘটনা বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়।
ফারিয়া গ্রেপ্তারের পর পরই সাংস্কৃতিক উপদেষ্টা ফেসবুক পোস্টে একে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ছবিটি।
নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।
এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয়েছিল তার।


