কক্সবাজারে চলন্ত যাত্রীবাহী এসি বাসের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার কলঘর বাজার এলাকার এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
তবে বাসের গ্লাস ভেঙে যাত্রীরা বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী বলেন, ‘রাতে কক্সবাজার শহর থেকে আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার এসি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি রামু কলঘর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, আগুন লাগার পর বাসটির সহকারী স্থানীয়দের সহযোগিতায় পাশের মেসার্স এন আলম ফিলিং স্টেশন থেকে অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে চালক ও সহকারী বাসটি ফেলে ঘটনাস্থল থেকে সরে যান।
এদিকে আগুন লাগার পর বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে এসে বাসের গ্লাস ভেঙে যাত্রীদের বের করে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পরিদর্শক সুকান্ত চক্রবর্তী বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


