দেশে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি নানাভাবে বাস্তবায়ন হলেও একটি স্ট্যান্ডার্ড বা মানসম্মত মজুরি এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘সারা বিশ্বে দীর্ঘকাল ধরে শ্রমিক আন্দোলনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা হলেও বাংলাদেশে ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস বা জাতীয় মানসম্মত ন্যূনতম মজুরি এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। আজকের সংবাদপত্রগুলোতেও এই সংকটের চিত্র উঠে এসেছে ‘
শুক্রবার মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় দেশের সম্পদ কাজে লাগিয়ে বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলো পুনরায় সচল করার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের আইনি সমস্যার কথা তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে শত শত শ্রমিকের নামে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা রয়েছে। এগুলোর এখনো কোনো প্রতিকার হয়নি।’
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের স্বার্থে এই মামলাগুলো এবং মজুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
জুট মিল প্রসঙ্গে রিজভী বলেন, ‘জাতীয় পলিসির মাধ্যমে বন্ধ জুট মিলগুলো সচল করলে দেশের লাখো শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হবে।’
তিনি অভিযোগ করেন, গত সরকারের আমলে আত্মীয়-স্বজনকে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সুবিধা দিতে পরিকল্পিতভাবে লাভজনক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী এসব বিষয় খতিয়ে দেখবেন বলে তিনি বিশ্বাস করেন।
দলীয় কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপির শুরুটা খুব ভালো হয়েছে। যাদের সকাল ভালো, তাদের সারাদিনও ভালো যাবে বলে তিনি মন্তব্য করেন।


