বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শুক্রবার বরিশাল বিভাগ সফর করবেন। এ সময় তিনি বিভাগের ছয়টি জেলার মধ্যে চার জেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ১০টায় জামায়াত আমির বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর জানিয়েছেন, শুক্রবার বেলা ১১টায় জামায়াত আমির পটুয়াখালীর বাউফল উপজেলা পাবলিক মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ।
বেলা ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রার্থী ফয়জুল হক ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে প্রার্থী শেখ নেয়ামুল করিমের সমর্থনে ভোট চাইবেন জামায়াতের আমির।
বেলা ৩টায় পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত আমির। এতে সভাপতিত্ব করবেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ। এই জেলার দুটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই পুত্র মাসুদ সাঈদী ও শামীম সাঈদী।
বরিশাল অঞ্চল জামায়াতে ইসলামীর টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী জানান, শফিকুর রহমানের এই সফরকে ঘিরে উজ্জীবিত বরিশাল বিভাগ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা।


