কোস্ট গার্ডের পৃথক অভিযানে পটুয়াখালীর মহিপুরে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং ভোলার বোরহানউদ্দিনে তিনটি অবৈধ ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এসব অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাত ১০টায় আলীপুর মাছঘাট-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৯টি বেহুন্দী জাল, চারটি উইংস, চারটি ট্রলডোর ও অন্যান্য ট্রলিং সরঞ্জামসহ তিনজন জেলেকে আটক করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ৮টায় ভোলার বোরহানউদ্দিন থানার হাঁসেরচর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ তিনজনকে আটক করা হয়।
জব্দ করা বোট, ট্রলিং সরঞ্জাম, ড্রেজার ও বাল্কহেড এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মৎস্যসম্পদ এবং নদীতীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতভিটা রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


