সেন্টমার্টিনে পর্যটকদের নিরাপত্তা, অপরাধ দমন এবং দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড।
কক্সবাজারের বিআইডব্লিউটিএ নুনিয়াছড়া ঘাট থেকে সেন্টমার্টিন পর্যন্ত পর্যটকবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ কার্যক্রম নেওয়া হয়েছে।
বোটের মাধ্যমে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি পর্যটকদের যাত্রাপথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে কোস্ট গার্ডের জাহাজ ও বোট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে পর্যটক ও যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতেও কোস্ট গার্ড সদস্যরা তৎপর রয়েছেন।
কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে দায়িত্ব পালন করে আসছে।
সেন্টমার্টিনের পর্যটন পরিবেশ সুরক্ষা, নিরাপদ সমুদ্রযাত্রা নিশ্চিত করা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের নিরাপত্তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে কোস্ট গার্ড।
জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


