বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ ২০২৬’ শেষ হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকারে মহড়ার সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা, বিমানসংক্রান্ত চিকিৎসা, আকাশপথে মালামাল পরিবহন, বিমান ঘাঁটির নিরাপত্তা এবং দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
এতে বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নেন।


