পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রাঙ্গামাটির সাজেকে সাম্প্রতিক অবরোধের সময় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চেয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির এক বৈঠকে মন্ত্রণালয়কে কমিটির পরবর্তী সভায় এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এবং কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা অংশ নেন।
বৈঠকে শরণার্থী ও গুচ্ছগ্রামের অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের কার্ড দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া বিগত ও অন্তর্বর্তী সরকারের সময়ে মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয়ে থাকলে তার বিবরণ এবং শূন্য পদ পূরণের অগ্রগতি আগামী বৈঠকে জানতে চেয়েছে কমিটি।
এর আগে পার্বত্য এলাকায় টেকসই সামাজিক সেবা প্রকল্পের পাড়াকর্মীদের সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করা হয়।


