শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ায় গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রায় এক মাস পর অভিযুক্ত ৯ শিক্ষার্থীকে টিসি (ছাড়পত্র) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক। এর মধ্যে ৭ শিক্ষার্থী ছাড়পত্র গ্রহণ করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে স্কুল ছুটির পর বিভিন্ন শ্রেণির একদল শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক স্লোগান দিতে থাকে। এ সময় তারা ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা নিয়ে আলোচনা তৈরি হয়। শুরু হয় নানা প্রতিক্রিয়া ও সমালোচনা।

ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা প্রশাসকের নির্দেশনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই অভিযুক্ত ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া সাংবাদিকদের বলেন, শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনিক নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টিসি দেওয়া হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘যা কিছু হয়েছে, সবকিছু নিয়ম অনুযায়ী হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad