গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চারটি শাবকের জন্ম হয়েছে। এক মাস আগে শাবকগুলো দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, এক মাস আগে পার্কের কোর সাফারির হরিণ সাফারিতে মায়ের সঙ্গে শাবকদের দেখা যায়। শাবকের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনা করে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। শাবক চারটি নারী না পুরুষ এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তারা সুস্থ রয়েছে। নিয়মিত মায়ের দুধ পান করছে। খুনসুঁটি করে অন্যান্য প্রাণীর সঙ্গে দৌড়াদৌড়ি করে সময় পার করছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, নতুন শাবক দেখে পার্কে আসা দর্শনার্থীরা বাড়তি আনন্দ পাচ্ছেন। বিশেষ করে শিশুরা অনেক আনন্দ পাচ্ছে। সদ্য জন্ম নেওয়া চারটি শাবকসহ পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি।
বন্যপ্রাণী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাক বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, শাবকগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সবসময় তদারকি করতে পার্ক কতৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।


